সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এছাড়া, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে আসছেন ৷
আজ বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শপথ নেওয়ার পর আজ বুধবারই(১৭ ফেব্রুয়ারি) তারা সচিবালয়ে নিজ নিজ দপ্তরে অফিস করবেন। মন্ত্রী পরিষদের সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত কর্মকর্তা-কর্মচারীরা। নতুন সরকারের প্রথম দিন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে বসবেন। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যস্ততার পাশাপাশি রয়েছে প্রাণচাঞ্চল্য। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নির্দিষ্ট দপ্তরগুলো আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছে। ইতোমধ্যেই উপদেষ্টাদের নামফলক পরিবর্তন করে নতুন মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। একইসঙ্গে মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষের ভেতরের পরিবেশ যেমন– রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রীদের রুম ও মন্ত্রণালয়ের সামনে বসানো হয়েছে নতুন ফুলের টব।
এদিকে নতুন সরকারের প্রথম দিনে সচিবালয় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয় আগমন উপলক্ষ্যে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। এরইমধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে