গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মহেশখালীর মাতারবাড়িতে প্রধানমন্ত্রী
গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বেলা ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে তেজগাঁও বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সকাল সোয়া ৯টার দিকে হেলিকপ্টারে করে মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন তিনি। সেখানে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর সাড়ে ১২টার দিকে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। এরপর হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি শেষে বিকেল ৫টায় সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নেবেন।
সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অতিরিক্ত প্রেস সচিব জানান, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত হেলিকপ্টারে এবং এরপর সড়কপথে চট্টগ্রামের কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এর আগে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফর করছেন।
মতামত দিন