Views Bangladesh Logo

এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করে তার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হবে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল-এর নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করা হবে।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ