‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তার প্রথম বগুড়া সফর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের লক্ষ্যে প্রধানমন্ত্রী ১০ মার্চ বগুড়ায় আসবেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কার্ডপ্রাপ্ত প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন।
প্রতি পরিবার থেকে একজন নারীকে কার্ডধারী হিসেবে নিবন্ধন করা হবে। একটি ওয়ার্ডের যোগ্য বিবেচিত সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলট প্রকল্প চালু থাকবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে