Views Bangladesh Logo

আজ নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে আজ শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ বেডের নতুন একটি ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় তিনি এই নতুন ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজ। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

কর্মকর্তারা আরও জানান, ১৫ তলা বিশিষ্ট ভবনটির নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে ব্যবহার করা হবে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। উপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, সাধারণত পঙ্গু ও মাথায় আঘাতপ্রাপ্ত রোগীদের পরিবহনে নতুন ভবনটির এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে রোগী স্থানান্তর সুবিধায় এক থেকে তিনতলা পর্যন্ত স্কেলেটর (চলন্ত সিঁড়ি) রয়েছে। এটিও কোনো সরকারি হাসপাতালে প্রথম সংযোজন। এ ছাড়াও ৪০ শয্যার আইসিইউ ও ২০ শয্যার এইচডিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) ও ৬২টি ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র) সুবিধা রয়েছে। এ ভবনে একটি ক্যাথল্যাব, দুটি এমআরই ও দুটি সিটি স্ক্যান মেশিন বসানো হয়েছে। এছাড়া চিকিৎসা বর্জ্য অপসারণে সলিড ওয়েস্ট ডিজপোজাল সিস্টেম ও পৃথক অক্সিজেন প্ল্যান্ট ব্যবস্থা রয়েছে।

হাসপাতালের চিকিৎসকদের তথ্যমতে, এখানে চিকিৎসা নিতে সবচেয়ে বেশি আসে স্ট্রোকের রোগী। তারপরই রয়েছে দুর্ঘটনার রোগী (মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত)। এ ছাড়াও এ হাসপাতালে সেবা নেন পার্কিনসন্স ডিমেনশিয়া, জিবিএস, মৃগী, হাইড্রোকেফালাসসহ নিউরোলজিক্যাল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান সংবাদমাধ্যমকে বলেন, শনিবার (১৫ আগস্ট) নতুন ভবনটির উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভবনটি চালু হলে হাসপাতালে সংযুক্ত হবে আরও ৫০০ শয্যা।

উল্লেখ্য, ২০০৬ সালে আগারগাঁওয়ে নিউরো সায়েন্সেস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ও অধ্যাপক ডা. বদরুল আলমের চেষ্টায় ২০১২ সালে ১০ তলা ভবনবিশিষ্ট হাসপাতালটি প্রতিষ্ঠা পায়। এই হাসপাতাল প্রতিষ্ঠায় রয়েছে অনেক চিকিত্সক ও প্রতিষ্ঠানের অবদানও।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ