Views Bangladesh Logo

জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ও সমতামূলক ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী এসব কথা বাংলায় বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার সূচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পাওয়ার এক সপ্তাহ পর, ওই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে তিনিই প্রথম বাংলায় ভাষণ দেন। এরপর দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক এই ধারা অব্যাহত ছিল না। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার পদাঙ্ক অনুসরণ করে ফের বাংলায় ভাষণ দেওয়ার রীতি চালু করেন। তার দীর্ঘ শাসনামলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দিয়েছেন অন্তত ১৭ বার। জাতিসংঘের নিয়ম অনুযায়ী সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা নিজ মাতৃভাষায় ভাষণ দিতে পারেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে ভাষণের ইংরেজি অনুবাদ সরবরাহ করতে হয়, যা জাতিসংঘের দোভাষীরা সরাসরি অনুবাদ করে শোনান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়, যার প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তারেক রহমান। জাতিসংঘের চলতি অধিবেশনে তার এই ভাষণ নতুন সরকারের প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশন-ভাষণ হতে যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ