বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের শপথের মধ্য দিয়ে আজ মঙ্গলবার গঠিত হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবস শুরু করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, এদিন তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে অফিস করবেন।
সচিবালয়ে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে দুপুরের খাবার গ্রহণ করে বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে