মধ্যরাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল ৫টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টা।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটাই তারেক রহমানের প্রথম ভাষণ। একই সঙ্গে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিতে যাচ্ছেন তিনি। এর আগে তার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলের অধিবেশনে মোট ১৮ জনের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। তার ভাষণের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত রয়েছে।
প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরবেন। তার ভাষণে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয় এবং রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলোও তুলে ধরা হবে। পাশাপাশি যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
এর আগে বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন ও ন্যায্য রূপান্তরবিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নির্ভরযোগ্য জলবায়ু অর্থায়নসহ বৈশ্বিকভাবে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিন সাধারণ পরিষদে ভাষণের আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর শেষ হবে। এ অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মতামত দিন