জুলাই স্মরণে আয়োজিত বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনেএ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা অংশ নেবেন। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক, শহীদদের অবদান এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তাদের আত্মত্যাগের গুরুত্ব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিএনপির নেতারা জানিয়েছেন, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য।
মতামত দিন