রাষ্ট্রীয় কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রিজভী
রাষ্ট্রীয় কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে কাউকে ছাড় দিচ্ছেন না তিনি বলে জানিয়েছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমলাতন্ত্রের লোক হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—গাফিলতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শক্ত হাতে পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন, তাদের অনুপ্রাণিত করছেন এবং জনকল্যাণে আরও উৎসাহ দিচ্ছেন।
বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই অন্ধকার ঘোচাতে বাতির মতো কাজ করে, একটি বড় প্রদীপের ভূমিকা পালন করে। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। মাইক্রোফোনে কথা বলা, টেলিভিশন ক্যামেরায় ছবি ধারণ কিংবা অডিও রেকর্ডিং—এসবই বিজ্ঞানের অবদান, আর বিজ্ঞানীদের তত্ত্ব-থিওরি বই আকারে প্রকাশিত হয়েছিল বলেই পরবর্তী প্রজন্ম তা পড়ে চর্চা করে নতুন নতুন আবিষ্কার করতে পেরেছে।
তিনি আরও বলেন, বই না পড়লে, জ্ঞান অর্জন না করলে এবং ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হলে মনের জগৎ ও বহির্জগৎ—দুটোই অন্ধকার থেকে যাবে। বই হলো মনের জগতের পাসপোর্ট, যা অর্জন করতে পারলেই বহির্জগতের অন্ধকারও দূর করা সম্ভব।
সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচিত সরকার তারেক রহমানের সরকারকে নিয়ে নানা কথা বলা হলেও এই পাঁচ মাসে সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট পরিসংখ্যান ও ঘটনাবলি বইটিতে তুলে ধরা হয়েছে। সব তথ্য একত্র করে সুবিন্যস্তভাবে উপস্থাপন করায় এটি একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে মনে করেন তিনি।
তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং সামনে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতিসহ গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত চিত্রও উঠে এসেছে বইটিতে।
রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ক্ষমতায় আসার পরপরই দেশজুড়ে মাঠে-হাটে-ঘাটে-বন্দরে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। দিন-রাত কাজ করার পাশাপাশি নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতিও নিজে তদারকি করছেন তিনি। এ ছাড়া বিএনপি বা জোট সরকারের জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের উদ্যোগগুলোরও বিস্তৃত বর্ণনা মিলবে বইয়ে।
সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে রিজভী বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ও নানাভাবে কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ করতে ভূমিকা রাখবে এই গ্রন্থ। তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড তুলে ধরা এই বই ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে ও সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত দিন