Views Bangladesh Logo

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি সংহতিপত্র হস্তান্তর করেছেন।

সরকারি সফরের অংশ হিসেবে বিশেষ দূত হিসেবে সোমবার (২৯ মার্চ) কাতারের রাজধানী দোহায় পৌঁছান তিনি।

সংহতিপত্রে প্রধানমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। পাশাপাশি কাতারে বসবাসরত প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কাতার সরকারের নেওয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান। কাতারের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

চিঠিতে ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য লন্ডনে যাতায়াতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বৈঠকে হুমায়ূন কবির আঞ্চলিক শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সফরকালে তিনি কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সাম্প্রতিক একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তার নিকটাত্মীয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।

এছাড়া দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন তিনি।

এই সফর দুই দেশের মধ্যকার অংশীদারত্বকে আরও গতিশীল করবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। একই উদ্দেশ্যে দোহা সফর শেষে হুমায়ূন কবিরের আরও কয়েকটি উপসাগরীয় দেশ সফরের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ