Views Bangladesh Logo

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী, নারী, শিশু ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জনতার অভ্যর্থনার জবাবে প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

মৎস্য পক্ষের উদ্বোধন শেষে দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার সফরের বিভিন্ন কর্মসূচিতে মৎস্যসম্পদ উন্নয়ন, সামাজিক সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা এবং পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ