চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য সহজলভ্য করা—এ উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয়ভাবে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়। জানানো হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অন্তত ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় দেশে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হচ্ছে। এ প্রবণতায় উদ্বেগ প্রকাশ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে