চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সমাবেশের উদ্বোধন করেন।
সমাবেশ শুরুর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। একই সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের পর দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন। এরপর এলডি হলে চিকিৎসক সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনটির চিকিৎসক নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চিকিৎসকদের এ আয়োজনকে কেন্দ্র করে জাতীয় সংসদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে চিকিৎসকদের পেশাগত অধিকার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের কল্যাণে কাজ করে আসছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে এবারের চিকিৎসক সমাবেশে সংগঠনটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।
মতামত দিন