বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিমানবাহিনী সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পর্ষদের উদ্বোধন করেন।
পদোন্নতির জন্য কর্মকর্তাদের বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ, অপছন্দ কিংবা রাজনৈতিক মতাদর্শকে কোনোভাবেই বিবেচনায় না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতেই কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় নৌ ও বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন দুর্যোগের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও এ দুই বাহিনীর সদস্যদের অবদানের কথা তুলে ধরেন।
দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ত্যাগ ও দায়িত্ব পালনের জন্য নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট সব সদস্যকে ধন্যবাদ জানান তারেক রহমান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বাহিনীগুলোর পেশাগত সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে বিমানবাহিনী সদর দফতরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পর্ষদের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনাও পরিদর্শন করেন।
মতামত দিন