টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম-এর বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ২০২৬ সালের এই তালিকা প্রকাশিত হয়, যেখানে ‘লিডারস’ বা নেতা ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল।
টাইম ম্যাগাজিন তাদের বিশেষ প্রতিবেদনে তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং নির্বাসন কাটিয়ে দেশে ফিরে রাষ্ট্র সংস্কারে তার দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরেছে। গত ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠনের পর মাত্র দুই মাসের কম সময়ে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং ‘ফার্মার্স কার্ড’-এর মতো জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করা হয়েছে আন্তর্জাতিক মহলে।
মুখবন্ধে বলা হয়, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। ২০২৪ সালে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে ৫৭ বছর বয়সী এই রাজনীতিক বিরোধী আন্দোলনের কর্মী থেকে জাতীয় নেতায় পরিণত হন এবং ১৭ বছর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকার পর ভূমিধস বিজয়ের মাধ্যমে সেই পরিণতি বাস্তবে রূপ দেন।
এই বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেন। ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিন পরই মারা যান খালেদা জিয়া। জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে শোকাহত তারেক রহমান প্রতিশ্রুতি দেন, ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করবেন এবং উচ্চ মূল্যস্ফীতি, যুব বেকারত্ব ও ভারতের সঙ্গে তলানিতে ঠেকা সম্পর্কসহ নানা সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিকে আবার গতিশীল করে তুলবেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শূন্য দশকের দুর্নীতির অভিযোগগুলো — যদিও পরে আদালত সেগুলো খারিজ করেছে — তার সম্ভাব্য 'হানিমুন পিরিয়ড'কে সংক্ষিপ্ত করে দিতে পারে। তবে দীর্ঘ অনুপস্থিতির পর তিনি আর সময় নষ্ট করতে নারাজ। তারেক রহমান বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।’
এই তালিকায় আরও স্থান পেয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই, পোপ লিও চতুর্দশ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং, ভারতীয় অভিনেতা রণবীর কাপুর, অভিনেত্রী ডাকোটা জনসন এবং ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে