Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, গুরুত্ব পেল দ্বিপাক্ষিক সম্পর্ক ও রোহিঙ্গা সংকট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সম্প্রসারণ এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে বৈঠক শুরু হয়। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে উঠে আসে। সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে দুই পক্ষ আলোচনা করেন।

এর আগে ঢাকায় সফরের প্রথম দিনে সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য তাদের ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের ভ্রমণ সতর্কতা লেভেল-৩ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন) করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশকে আগের তুলনায় ভ্রমণের জন্য অপেক্ষাকৃত নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এ সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেন।

সফরের দ্বিতীয় দিনে সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। প্রতিনিধি দল ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ এবং ক্যাম্প-৪ ঘুরে দেখে সেখানে চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেয়।

পরিদর্শনের সময় রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে দ্রুত মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও সম্মানজনক প্রত্যাবাসনের দাবি জানান। প্রতিনিধি দল তাদের বক্তব্য শোনে এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ