মালয়েশিয়ার রাজার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
মালয়েশিয়া সফরের অংশ হিসেবে দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময় মালয়েশিয়ার রানি রাজা জারিথ সোফিয়াও উপস্থিত ছিলেন।
সোমবার (২২ জুন) দুপুরে রাজ প্রসাদ ইস্তেনায় এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বৈঠকটি ছিল উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রতীকী পদক্ষেপ।
এর আগে সকালে পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরবর্তী ধারাবাহিকতায় দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তারা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে সুলতান ইব্রাহিম দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। মালয়েশিয়ায় বিশ্বের অন্যতম অনন্য সাংবিধানিক রাজতন্ত্র ব্যবস্থা চালু রয়েছে, যেখানে দেশটির নয়টি রাজ্যের বংশানুক্রমিক শাসকদের মধ্য থেকে পর্যায়ক্রমে একজনকে পাঁচ বছরের জন্য রাজা নির্বাচিত করা হয়। মালয় ভাষায় এই পদকে ‘ইয়াং দি-পারতুয়ান আগং’ বলা হয়, যার অর্থ ‘সর্বোচ্চ শাসক’ বা ‘রাজাধিরাজ’।
মতামত দিন