আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেওয়া মিতুর সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মিতুকে কাছে ডেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিতুও ছিলেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানস্থলে এসে যোগ দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন। আহত জুলাই যোদ্ধার সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক আলাপচারিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আবেগঘন অনুভূতির জন্ম দেয়।
মতামত দিন