Views Bangladesh Logo

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম জাতিসংঘ সফর। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

কর্মকর্তারা জানান, স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গী প্রতিনিধিদলকে নিয়ে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তিতে সমতাভিত্তিক প্রবেশাধিকার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন।

এই সফরে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা, সুশাসন, জলবায়ু ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। অধিবেশনের ফাঁকে বাংলাদেশ দুটি সাইড ইভেন্টেরও আয়োজন করবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রশ্ন প্রাধান্য পাবে।

চলতি অধিবেশনে বাংলাদেশের অবস্থান এবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, “আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ”-এ প্রতিপাদ্যে এবারের অধিবেশন গত ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ