ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
এক দিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা করে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তাঁর প্রথম সফর। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন তিনি।
সফরের শুরুতে দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এরপর ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।
কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রমও এ সফরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ ও সংশ্লিষ্ট সহায়তার অর্থ দেওয়ার কর্মসূচি রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরটি এর আগে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মতামত দিন