শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ আয়োজন। ‘প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এ উপলক্ষ্যে আজ সকালে প্রধানমন্ত্রী শিশু একাডেমিতে এসে পৌঁছালে ১৫০ জন শিশু তাঁকে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানমালার মূল পর্ব শুরু হয় এবং প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানও।
দিনব্যাপী এ আয়োজনে শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, অংশগ্রহণকারী শিশুদের মাঝে স্মারক উপহার বিতরণ এবং স্মারকগ্রন্থ ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।
মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবন পরিদর্শনে যাবেন। সেখানে জাদুঘর ভবনের নিচতলায় স্থাপিত নতুন সোলার প্যানেল ও সাব-স্টেশনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
মতামত দিন