Views Bangladesh Logo

নিজ জেলা বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। প্রধানমন্ত্রী তার বহর নিয়ে বাসযোগে এই সফর করছেন। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।

সফরসূচি অনুযায়ী, আজ বগুড়ায় দিনভর বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি নবনির্মিত বগুড়া জেলা আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন করবেন। এরপর বেলা সোয়া ১১টায় জেলা আদালতে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভা ভবনে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন তিনি।

দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীস্থ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং নাসিপুরে চৌকিদহ খাল খনন কাজের উদ্বোধন করবেন। কর্মসূচির একপর্যায়ে তিনি বাগবাড়ীতে তার পৈত্রিক ভিটা পরিদর্শন করবেন।

বিকেলে ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সফর শেষে আজ রাতেই সড়কপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ