Views Bangladesh Logo

কর্মসংস্থানের জন্য দুই জুলাই যোদ্ধাকে রিকশা ও সিএনজি উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থা, পরিবারের সদস্য ও জীবিকা নির্বাহের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করতেন। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়। এ সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয় দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি। গফফার জানান, একটি রিকশা নিজে চালিয়ে ঢাকায় জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়ায় দেবেন।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। এসব যানবাহন ব্যবহারের মাধ্যমে তার আয়ের একটি স্থায়ী পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেওয়া যানবাহনগুলোর ব্যবস্থাপনা ও ব্যবহার সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে নিরাপদে এসব যানবাহন নিজ নিজ গন্তব্যে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ