বাঁশখালীতে বন্যাকবলিতদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সরাসরি ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, প্রথমে হেলিকপ্টারে বাহারছড়া সমুদ্রসৈকতে অবতরণ করেন তিনি। সেখান থেকে গাড়িতে করে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের খোঁজ-খবর নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
উল্লেখ্য, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীতে ঘরবাড়ি হারানো ১০০টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এদিন সেই ঘরগুলোর চাবিই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর, যা ঘিরে উপজেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রীকে ঘিরে জনতার ব্যাপক আগ্রহও দেখা গেছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী মহেশখালী দ্বীপ উপজেলায় মাতারবাড়ী বহুমুখী গভীর সমুদ্রবন্দর ও কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ মহেশখালী সমন্বিত উন্নয়নের (মিডা) মেগা প্রকল্পগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে বাহারছড়া থেকে বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানেও যোগ দেন তিনি, যেখানে বন্যা পরবর্তী পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
মতামত দিন