Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়

বাংলাদেশ ক্রিকেট দলকে ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য অর্জন করল টাইগাররা।

ম্যাচ শেষ হওয়ার সময় কিশোরগঞ্জ সফরের পথে ছিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর তিনি ভিডিওকলে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। ক্রিকেটারদের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার কারণেই এই অসাধারণ সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি পরের টেস্টেও দল ভালো পারফরম্যান্স করবে এবং সিরিজ জয়ের সুযোগকে কাজে লাগাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আগের একমাত্র টেস্ট জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুরে। এবার ডারউইনে ৯ উইকেটের জয় দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করল বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ