Views Bangladesh Logo

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা, যানজট কমানো এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি নগরীর বিদ্যমান পরিবহন ব্যবস্থার নানা অসংগতি চিহ্নিত করে তা নিরসনে করণীয় নিয়েও মতবিনিময় করা হচ্ছে।

সভায় উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

এ বৈঠকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও রয়েছেন।

এর আগে রাজধানীর যানজট, ট্রাফিক ব্যবস্থাপনা ও গণপরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একাধিক বৈঠক হয়েছে। সাম্প্রতিক বৈঠকগুলোতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয় গুরুত্ব পেয়েছে।

আজকের বৈঠকেও রাজধানীর পরিবহন খাতকে আরও কার্যকর ও সমন্বিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ