জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলন প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, , জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে এই ঐতিহাসিক সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এটি যৌথভাবে আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের মহান আত্মত্যাগকে স্মরণ করতেই এই জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। সম্মেলনমঞ্চের মূল ব্যানারে শোভা পাচ্ছে- ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা-৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’
জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়াও উপস্থিত রয়েছেন জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক অভূতপূর্ব সরকার উৎখাত আন্দোলনে রূপ নেয়। টানা ৩৬ দিনের সেই ঐতিহাসিক আন্দোলনের মুখে দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। আন্দোলন দমনে তৎকালীন সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ এবং গুলি-টিয়ারশেলসহ ব্যাপক বলপ্রয়োগ করা হলেও তা বিপ্লবকে দমাতে পারেনি। গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে এই আন্দোলনের ‘প্রথম শহীদ’ হিসেবে সম্মান জানিয়ে স্মরণ করা হয় এই সম্মেলনে।
মতামত দিন