কিশোরগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গিয়ে পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় পৌঁছান। সেখানে ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীরাও বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাকে স্বাগত জানাতে সংশ্লিষ্ট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদী ও জেলা সদরসহ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, তিনি মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে তার প্রথম সফর হওয়ায় স্থানীয়দের মধ্যেও এ সফর ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে।
মতামত দিন