Views Bangladesh Logo

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুরে মোংলা নৌঘাঁটির জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন সরকারপ্রধান। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বৈঠক শেষে বিকেলে মোংলা বন্দরের কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বিকেল ৫টার দিকে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে সফরের এ সূচি জানানো হয়েছে। সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ