বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সরকারি সফরে বগুড়ায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে এসে পৌঁছান তিনি। এ সময় ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও। বগুড়ায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
আজ বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পৌরসভা ভবনে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি সড়কপথে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তার পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হবেন। সেখানে দুপুর পৌনে ১টার দিকে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি।
পরবর্তীতে বেলা দেড়টার দিকে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন দুপুর পৌনে দুইটার দিকে গাবতলীতে খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি। দুপুর আড়াইটার দিকে পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে আবারও বগুড়া শহরের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিকেল চারটার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান।
জনসভা শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে উদ্বোধন করবেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজেরও।
সবশেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফিরে যাওয়ার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে তাঁর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে