Views Bangladesh Logo

জাতিসংঘ সফরে স্বাস্থ্য-কৃষি-রোহিঙ্গা সংকট নিয়ে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের দ্বিতীয় দিনে স্বাস্থ্য, কৃষি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, গেটস ফাউন্ডেশনের সঙ্গে আলোচনায় কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি, স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং দেশে টিকা উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার বিষয়ও উঠে এসেছে।

এদিকে দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বুধবার এ চুক্তি হয়। নতুন এই চুক্তির ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫টিতে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি জানান মাহদী আমিন। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা সামনে রেখেই নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোয়িংয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন চুক্তির আওতায় পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করবে বিমান। এর আগে চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হওয়ায় বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট পরিকল্পিত উড়োজাহাজ কেনার সংখ্যা দাঁড়াল ২৫টিতে।

মাহদী আমিন বলেন, দেশের বিমান পরিবহন খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়েই বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা হচ্ছে। বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের সঙ্গেও আলোচনা হতে পারে। এ ছাড়া বোয়িংয়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে জাতিসংঘে এ সংকট নিয়ে একটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাহদী আমিন বলেন, বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিতে বাংলাদেশের ওপর চাপ বাড়ছে। নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি মিয়ানমারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীন ও ভারতের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সংকটের গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপরও জোর দেওয়া হচ্ছে।

এদিকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিষয়ে মাহদী আমিন বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের পক্ষে। জ্বালানি, বাণিজ্য এবং সংঘাতের কারণে প্রবাসী বাংলাদেশিদের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে জলবায়ু অর্থায়ন বাড়ানো, নদী-খাল খনন, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর বিষয় রয়েছে। চার দিনের সফরের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ