জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এবং পরিবারের সার্বিক খোঁজখবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি বলেন, আনিফার পরিবার চিকিৎসার ব্যয় বহনে অক্ষম। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। সেখানে তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে আনিফার চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেয়।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড আনিফার শারীরিক অবস্থা, চিকিৎসা নথি ও পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে। বোর্ড জানায়, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন।
বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই বাংলাদেশে আসা চীনের একটি বিশেষজ্ঞ মেডিকেল দলের সামনে আনিফার চিকিৎসা-সংক্রান্ত বিষয় উপস্থাপন করা হবে। দেশীয় ও চীনা চিকিৎসকদের যৌথ মতামতের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়ও বিবেচনা করা হবে।
এ সময় প্রতিনিধিদল আনিফার পরিবারের সদস্যদের আশ্বস্ত করে জানায়, শিশুটির চিকিৎসায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আন্তরিক সহমর্মিতা ও শুভকামনার বার্তাও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
মতামত দিন