ঈদের ছুটিতেও সরকারি কার্যক্রম তদারকি করেছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব
ঈদুল আজহার ছুটিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কার্যক্রম তদারকি অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।
ঈদের ছুটির পর আজ সোমবার (১ জুন) প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘দেশের মানুষ যখন ঈদের ছুটি উদযাপনে ব্যস্ত ছিলেন, তখন প্রধানমন্ত্রী ও তার টিম সরকারি দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।’
তিনি জানান, ঈদের পরদিন প্রধানমন্ত্রী নিজে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন এবং কোথাও অব্যবস্থাপনা চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সরকার দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
গণমাধ্যম প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে কিছু অনলাইন প্ল্যাটফর্মে যাচাইহীন তথ্য, বিভ্রান্তিকর ফটোকার্ড এবং খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছে, যা সমাজে অস্থিরতা তৈরির সুযোগ সৃষ্টি করতে পারে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে