শিক্ষার মানোন্নয়নে জোর, প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আলোচনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের আধুনিক ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় মাঠপর্যায়ে কর্মরত শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তারা বাস্তব অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়মতো পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনা হবে।
পরিদর্শনের শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।
মতামত দিন