বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বগুড়ার শেরপুরে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশুকন্যা। আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারিক রহমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে গুরুতর আহত শিশুর চিকিৎসার সমস্ত দায়িত্বও ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক এবং নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।
আতিকুর রহমান জানান, শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সমস্ত চিকিৎসা ব্যয়ভারও প্রধানমন্ত্রী নিজেই বহন করছেন।
দুর্ঘটনাটি বুধবার সকালে ঘটে। ঢাকা থেকে রংপুরগামী ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটির বাবা-মা ও আরও দুই স্বজনের মৃত্যু নিশ্চিত করেন।
বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানিয়েছেন, নিহতদের মরদেহ রংপুরের কাউনিয়ায় নেওয়া হয়েছে এবং সেখানেই দাফন করা হবে।
নিহত ব্যক্তিরা ঢাকা থেকে পরিবার ও স্বজনদের নিয়ে একই গাড়িতে করে গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায় ঈদ উদ্যাপন করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বগুড়ার শেরপুরে তারা দুর্ঘটনার শিকার হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে