হামে আক্রান্ত যমজ শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
হামে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়া দুই বছর বয়সী যমজ ভাই হাসান ও হোসেনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আর্থিক সহায়তার পাশাপাশি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছেন তিনি।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে “হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু”-এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. এ এন এম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে যান। তারা সেখানে চিকিৎসাধীন শিশুদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুদের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফলমূল তুলে দেওয়া হয়।
হাসপাতাল পরিদর্শনকালে ডা. বিটু কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন এবং শিশুদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা প্রদানের অনুরোধ জানান। চিকিৎসকরা জানান, হাসান-হোসেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের ইতিমধ্যে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে দীর্ঘ অসুস্থতার কারণে তারা এখনো চরম অপুষ্টিতে ভুগছে, যার ফলে তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রতিনিধি দলের এই পরিদর্শনের সময় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমানসহ শিশু বিশেষজ্ঞ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অসুস্থ যমজ শিশুদের বাবা একজন সাধারণ নির্মাণ শ্রমিক। তাদের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি দুর্গম গ্রামে। অর্থাভাবে সন্তানদের সুচিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় থাকা এই পরিবারটি প্রধানমন্ত্রীর এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে