US Independence Day
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী চিঠিতে বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনেও আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
চিঠিতে তারেক রহমান বলেন, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং স্বাধীনতা, গণতন্ত্র, ত্যাগ, মূল্যবোধ ও মানবিক আদর্শের বৈশ্বিক অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশটির গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আরও গভীর ও বহুমাত্রিক হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা ও উদারতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
চিঠিতে তারেক রহমান অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য এবং যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন তিনি।
মতামত দিন