বাস থেকে নেমে ডেকে নেওয়া সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
গত সোমবার (২৭ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যান। তাকে বহনকারী 'সবার আগে বাংলাদেশ' স্লোগানসম্বলিত বাসটিসহ গাড়িবহর যশোরের ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হওয়ার সময় নিলিমা নামের এক মা কোলের শিশুসন্তানকে নিয়ে ফুল হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে ছিলেন।
বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে বাস থেকে নেমে শিশুটিকে দেখতে যান। এই মুহূর্তের দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিলিমা ও তার শিশুসন্তানের জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য মাসুদ রানা লিটন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ আরও অনেকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে