গণঅভ্যুত্থানে আহত সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধা’ মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ঢাকার কেরানীগঞ্জে সুজনের বাসভবনে গিয়ে এই উপহার হস্তান্তর করে।
প্রতিনিধি দলটি আহত জুলাই যোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেয়। একই সঙ্গে তারা গণঅভ্যুত্থানে আহত সুজনের শারীরিক অবস্থা ও তার পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
উপহার হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতামত দিন