মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, জ্বালানি সহায়তা চাইলেন তারেক রহমান
চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, চলমান গ্যাস সংকটে মানুষের ভোগান্তিতে সরকারও সমানভাবে উদ্বিগ্ন। এ পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ওই চিঠি মালয়েশিয়ায় হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই দিন বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়।
প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। জবাবে আনোয়ার ইব্রাহিম আশ্বাস দেন, সংকট নিরসনে মালয়েশিয়ার পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, সে বিষয়ে তিনি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও তার টিমের সঙ্গে আলোচনা করবেন এবং পরে বাংলাদেশকে জানাবেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের ভোগান্তি সরকারকে গভীরভাবে কষ্ট দিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দিন-রাত কাজ করছে এবং প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ রাখছেন। সংকট নিরসনে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক ও সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে।
মতামত দিন