Views Bangladesh Logo

দক্ষ জনশক্তি ও বিনিয়োগে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাপানি ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নিতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানিয়েছেন।বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত জাপানিজ ইকোনমিক জোনের মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে দুই দেশকে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতি এবং অবকাঠামো উন্নয়নে দুই দেশের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ