Views Bangladesh Logo

ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী, আগ্রহ ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে

বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপোসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ঈসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।

সরকারের প্রত্যাশা, এই অংশীদারত্বের মাধ্যমে টার্মিনালটির আধুনিকায়ন ও পরিচালন দক্ষতা বাড়ার পাশাপাশি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতাও আরও শক্তিশালী হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনসহ নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের আগ্রহের কথা জানতে চান। জবাবে প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহের কথা জানায়।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করার সম্ভাবনা নিয়েও বৈঠকে মতবিনিময় হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ