Views Bangladesh Logo

জাতিসংঘ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন জানাতে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এই গুরুত্বপূর্ণ পদের জন্য বাংলাদেশের মনোনীত একমাত্র প্রার্থী।

ইফতার অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রী বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তিনি পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী তার সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও মৌলিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, প্রশাসনের সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ