Views Bangladesh Logo

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ দেশে ফেরানোর প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলে তুরস্কের ধারাবাহিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক হয়। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ বৈঠক শুরুর ঠিক আগে দুই নেতা মুখোমুখি বসেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান।

তাঁর ভাষ্য অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও দীর্ঘস্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) অবিচল অবস্থান নেওয়ায় তিনি আঙ্কারার প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ার জন্যও তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে হওয়া আলোচনার কথা স্মরণ করেন তারেক রহমান। তখন থেকে দুই দেশের সহযোগিতায় যে অগ্রগতি হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন তিনি। কপ-৩১ সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দনও জানান।

প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগেরও প্রস্তাব দেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই সরকারের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা নিয়েও কথা হয়। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান তারেক রহমান। তাঁর মতে, এ চ্যালেঞ্জ সামলাতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর অংশীদারত্ব জরুরি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ