Views Bangladesh Logo

হেফাজত আমিরসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে যা বললেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে হেফাজতকে নির্বাচনের আগে যেভাবে বিএনপির সঙ্গে ছিল, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী তাঁকে স্বাগত জানান। পরে তাঁকে বুকে জড়িয়ে ধরে দোয়া চান প্রধানমন্ত্রী। বৈঠকে হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ৯ দফা লিখিত দাবি দেওয়া হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, নির্বাচনের আগেও তাঁরা যেভাবে বিএনপির সঙ্গে ছিলেন, এখনো যেন সেভাবে থাকেন। জবাবে তিনি প্রধানমন্ত্রীকে ইসলাম ও দেশের জন্য দৃঢ় থাকার আহ্বান জানিয়ে পাশে থাকার কথা বলেন।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে হেফাজতের নেতাদের সঙ্গে একসঙ্গে কাজ করে দেশকে বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল। ভবিষ্যতেও তাঁদের সঙ্গে একসঙ্গে থাকতে চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত নির্বাচনের সময় আমরা একসঙ্গে থেকে কাজ করে দেশকে বিপদের হাত থেকে মুক্ত করেছি।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে দেশের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছিল।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে তেল-জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি আগের সরকারের ‘পরিকল্পনাহীন’ কর্মকাণ্ডের কারণে বিদ্যুৎ ও গ্যাসসংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাসসংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। বিদ্যুৎ সমস্যার সমাধানেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, কয়েক দিন ধরে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এ কারণে নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করা হয়েছে, আগামী দিনগুলোতেও সেভাবে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি। হেফাজতের উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভালো কিছু করার জন্য তিনি সবার দোয়া চান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের সঙ্গে হেফাজতের রাজনৈতিক সম্পর্ক নয়; বরং তাঁদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা বজায় থাকবে। দেশের শান্তিশৃঙ্খলা ও উন্নয়নের জন্য তিনি হেফাজতের নেতাদের দোয়া কামনা করেন।

বক্তব্য শেষে হেফাজতে ইসলামের আমির প্রধানমন্ত্রী ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।

ফটিকছড়ির বৈঠক শেষে প্রধানমন্ত্রী হাটহাজারীতে গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ