প্রধানমন্ত্রী প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য থাকলে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।
সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার এই অনুরোধ রাখতে পারেন, আবার না-ও রাখতে পারেন। তবে তিনি নিজে নিয়মিতভাবে নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে তা দরিদ্র মানুষের সহায়তা বা রাষ্ট্রীয় প্রয়োজনের কাজে ব্যয় করা যায়।
প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে তিনি সরকারি হিসাবে জমা দেন। বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার পর সেই অর্থ চেকের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেছেন, যদি তাদের পক্ষে সম্ভব হয়, তবে তারাও প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে পারেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।
মতামত দিন