Views Bangladesh Logo

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা, ১৩ সমঝোতা স্মারক সই

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় তাকে ‘লাল গালিচা’ সংবর্ধনা এবং ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এই আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অভ্যর্থনা অনুষ্ঠানের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এসব সমঝোতা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে তিনি ২১ জুন মালয়েশিয়া সফরে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।

মালয়েশিয়া সফর শেষে গত সোমবার রাতে তিনি চীনের দালিয়ান শহরে পৌঁছান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বিকেলে দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে আসেন।

প্রধানমন্ত্রীর সফরসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের সামগ্রিক অগ্রগতি, বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চীন সফর করেছিলেন তারেক রহমান। সেই সফরেও তিনি গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় ২৫ বছর পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একই স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা পেলেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ