Views Bangladesh Logo

হাটহাজারী দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানোর ঘটনায় গভীর সমবেদনা জানান। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী এ সময় নিহত দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। একই সঙ্গে ভবিষ্যতেও সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী এসব পরিবারের প্রয়োজনের সময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ওই দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন। একই ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন এবং তাকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পর এর কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। আইএসপিআরের তথ্য অনুযায়ী, নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ