Views Bangladesh Logo

বিশ্বমঞ্চে মর্যাদা বৃদ্ধি ও জনস্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কার্যক্রমে বিশ্বমঞ্চে মর্যাদা বৃদ্ধি ও দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রথম দিনের কর্মসূচিগুলো পর্যালোচনা করে মাহদী আমিন বলেন, বাংলাদেশের স্বার্থকে কীভাবে প্রাধান্য দেওয়া যায় এবং জনগণের স্বার্থকে সবার আগে রাখা যায়, বিশ্বমঞ্চে একজন নির্বাচিত সরকারপ্রধান হিসেবে বাংলাদেশের মর্যাদাকে কীভাবে আরও উপরে নিয়ে যাওয়া যায়, সেটাই নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রথম দিনের কর্মসূচিগুলো ব্যক্তিগত, বহুপক্ষীয়, আঞ্চলিক, দ্বিপক্ষীয়, রোহিঙ্গা সংকট ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনাসহ কয়েকটি ভাগে বিভক্ত ছিল। দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে প্রাতরাশ অনুষ্ঠানে অংশ নেন। এরপর তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে যোগ দেন।

দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে মাহদী আমিন বলেন, প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

তিনি আরও জানান, একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর প্রথম দিনের আলোচনায় রোহিঙ্গা সংকটও বিশেষ গুরুত্ব পেয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রথম দিনের সূচিতে রোহিঙ্গা সংকট বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে রোহিঙ্গা সংকট নিয়ে যে উচ্চপর্যায়ের সাইড ইভেন্টের আয়োজন করেছে, সেখানেও প্রধানমন্ত্রী অংশ নেবেন।

উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে দেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাণিজ্য ও নিয়ন্ত্রণব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে কথা হয়।

তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক এবং মেটার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠকটি সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানান উপদেষ্টা। তবে তিনি উল্লেখ করেন, মেটা কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেছে, যেখানে বাংলাদেশে মেটার ব্যবহারকারী ও ব্যবসায়িক পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে নিজের প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ